ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার তিতাস থানার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মোঃ মাসুম (২২) এবং চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথুলি এলাকার মোঃ জামাল শেখের ছেলে মোঃ সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের সহযোগিতায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ নাফিউল ইসলাম পিপিএম তার সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ মাসুম ও সোয়েব শেখকে নামের দুইজনকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পাইকারিভাবে গাঁজা কিনে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে পূর্বের ১টি ছিনতাই মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।