আশুলিয়ায় ২ জনের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় পুত্রবধূর ধাক্কায় শাশুড়ির মৃত্যু

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১২:৪৮ অপরাহ্ণ, ০২/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় পুত্রবধূর ধাক্কায় মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে শাশুড়ির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মুক্তা আক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাশুড়ির নাম সকিনা বেগম (৫০), তিনি আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মুনসুর আলীর স্ত্রী।

অভিযুক্ত পুত্রবধূ মুক্তা আক্তার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর এলাকার সোহেল রানার মেয়ে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মুনসুর আলীর বাড়িতে তার স্ত্রী সকিনা বেগমের সাথে তার পুত্রবধূ মুক্তা আক্তারের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় পুত্রবধূ মুক্তা আক্তার তার শাশুড়ি সকিনা বেগমকে ধাক্কা দিলে শাশুড়ি মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন নিহতের লাশ দাফন করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওই পুত্রবধূ মুক্তা আক্তারকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।