ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আলম হোসেন ওরফে নূর আলম (৩০) নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বেরন রূপায়ণ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন ওরফে নূর আলম (৩০) পঞ্চগড় জেলার বোদা থানার কুমারপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ২-৩ জন মিলে আশুলিয়ার বেরন রূপায়ণ এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য এর ভেতরে নামেন। এ সময় হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে পড়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ বিষয়ে পুলিশে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে আমানউল্লাহ (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমানউল্লাহ (৩৬) চাঁদ জেলার হাইমচর থানার ভোগা এলাকার আবুল হালদারের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজ ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি মায়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।