ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত আশুলিয়ার ভাদাইল, কুটুরিয়া ও বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আঃ সাত্তার মুন্সী, আশুলিয়ার দিয়াখালী উত্তরপাড়া এলাকার মোঃ লেহাজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম ও যশোর জেলার শার্শা থানার কালিয়ানী সর্দারপাড়া এলাকার মোঃ গোলাম সরোয়ারের ছেলে মোঃ মাহিনুর হাসান মুকুল। সে বর্তমানে আশুলিয়ার বাংলাবাজার বাঁশ মার্কেট এলাকায় অবসরপ্রাপ্ত কর্নেল আবিদ রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ভাদাইল তালতলা এলাকার অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আঃ সাত্তার মুন্সীকে গ্রেপ্তার করা হয়। একই সময় পৃথক আরেকটি অভিযানে আশুলিয়ার বিশমাইল কুটুরিয়া এলাকার নাভানা গেটের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ আব্দুল হালিম নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার বাংলাবাজার বাঁশ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মোঃ মাহিনুর হাসান মুকুল নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আশুলিয়ার থানা পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল।
আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।