ঢাকার আশুলিয়ায় একটি জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এর আগে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠাল বাগান এলাকার নাজিম উদ্দিনের মার্কেটের পিছন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানার বোয়ালমারী এলাকার মৃত ওসমান প্রামানিকের ছেলে মোঃ সিরাজ (৪২), নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচখোর মধ্যপাড়া এলাকার আঃ খালেকের ছেলে মোঃ রায়হান (৪৫), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৪), একই জেলার সেতাবগঞ্জ থানার সুবিদহাট এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ সোহাগ (৩৮), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তারাবালি এলাকার আব্দুস সোবহানের ছেলে মোঃ আব্দুস সামাদ (৪০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারঘর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে মোঃ তাহের (৫৫), ভোলা জেলার লালমোহন থানার লর্ডহার্ডিজ এলাকার মজিবুল হকের ছেলে মোঃ ফারুক (৫৬), নোয়াখালী জেলার সেনবাগ থানার অর্জুনতলা এলাকার মৃত আঃ মান্নানের ছেলে মোঃ সহিদুল ইসলাম (৩৬), ঢাকা জেলার আশুলিয়া থানার পুরাতন ডেন্ডাবর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাইম আহম্মাদ জনি (৩০), নীলফামারী জেলার ডোমার থানার জোড়াবাড়ী এলাকার মৃত আঃ হামিদের ছেলে মোঃ সাগর (৪০) ও একই জেলার ডিমলা থানার খালিশাচাপানি এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মোঃ ফরিদ (৩৪)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানায় কর্মরত এসআই মোঃ রিয়াজ মাহমুদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িদের দেহ তল্লাশি করে জুয়া খেলার ৩ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং জুয়ার বোর্ড থেকে নগদ ১ হাজার ৮৬০ টাকা উদ্ধারসহ জব্দ করা হয়। এ সময় ওই জুয়ার আসর থেকে ১১ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আশুলিয়া থানা এলাকার সব ধরনের অপরাধ নির্মূলে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।