বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম তূর্য্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহমেদ ফয়সাল নাইম তূর্য্য (৩০) ঢাকা জেলার সাভার থানার মজিদপুর এলাকার মৃত আবু আহম্মেদ পাভেল নাসিমের ছেলে। তিনি সাভার পৌরসভা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একজন প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগ সরকারের সক্রিয় দোসর হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, তূর্য্য বিরুদ্ধে গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও একটি নিয়মিত মামলা রয়েছে। ছাত্র আন্দোলনের সময় এলাকায় ত্রাস সৃষ্টি ও সাধারণ মানুষের ওপর পৈশাচিক নির্যাতনের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, গত ১৫ বছর আওয়ামী লীগের রাজনীতির ছত্রছায়ায় তূর্য্য এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিরোধী মতাবলম্বীদের ওপর দমন-পীড়নের মূল হোতা হিসেবে কাজ করতেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।