সাভারের আশুলিয়ার উত্তর গাজীরচট ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের ‘মনপুরা রিসোর্টে’ দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে মানসিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে সংগঠনের সদস্যরা সপরিবারে এই মিলনমেলায় অংশ নেন।
দিনব্যাপী এই আয়োজনে সদস্যদের জন্য খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-এর ব্যবস্থা ছিল। সকাল থেকেই সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রিসোর্ট প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
সংগঠনের উপদেষ্টা এ বি এম জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক খোকা মোহাম্মদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজমুল হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হ্যাপি জেনারেল হসপিটালের পরিচালক মো. আশিক ইমরান, জামালপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. নূর আলম সবুর, নোভা হসপিটালের জিএম মো. শাহিন আহমেদ রাজু, ল্যাব ওয়ান হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার মো. শহিদুল ইসলাম খোকন, হাবিব হসপিটালের অ্যাডমিন ম্যানেজার মো. নাজমুল, সোহেল স্কয়ার হসপিটাল ম্যানেজার মো. লেবু মিয়া এবং আবুল হোসেন হাসপাতালের স্বপন ওঝা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ব্যবসায়িক কর্মকাণ্ড নয়, মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিনোদনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে। সমাপনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা আগামীতে এ ধরনের সামাজিক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।