রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রওনা দিয়েছে।
এর আগে সবশেষ গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অন্যতম পুরনো এই বস্তির আয়তন প্রায় ৯০ একর। যেখানে অন্তত ৮০ হাজার মানুষ বসবাস করেন। সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে কড়াইল বস্তিতে আগুন লাগলে নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।