ঢাকার সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন ও আশুলিয়ায় থানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা ১১ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তারা সাভার ও আশুলিয়া পরিবহনে তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে, সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামী, শিবিরসহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে।