সাভারের হেমায়েতপুরে এক বছর আগে সংঘটিত নিরাপত্তাকর্মী রিমন হোসেন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গাংনি সরকারপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মানিক মোল্লা (৩৮), ঝালকাঠি জেলার নলছিটি থানার হাসপাতাল রোড এলাকার নরেন সরকারের ছেলে ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন (৪০), সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার
আলম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই এলাকার হযরত আলীর ছেলে হৃদয় আহমেদ (২৭)।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের ৩ আগস্ট হেমায়েতপুরের এমই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে।
পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম এবং হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চুরি করার উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করলে সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে, চুরি করতে না পেরে নিরাপত্তাকর্মীকে হত্যা করে অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।