আশুলিয়ায় প্রেমঘটিত কারণে যুবকের আত্মহত্যা

আগের সংবাদ

আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন, সাভার-আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

পরের সংবাদ

কুপিয়ে সোনা ছিনতাই, স্ত্রীর সামনে ব্যবসায়ীর নির্মম মৃত্যু

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :২:১৯ অপরাহ্ণ, ১০/০৩/২৫

সাভারের আশুলিয়ায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্ত্রীর সামনেই এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নয়ারহাট বাজারের নিজ দোকান থেকে বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার দাস (৪৮) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের দুলাল দাসের ছেলে এবং নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ের মালিক।

নিহতের মামাতো ভাই খোকন সরকার বলেন, প্রতিদিনের মতো গত রাত সাড়ে ৮টার দিকে দিলীপ দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। দোকানের শাটার বন্ধ করার সময় তিন দুর্বৃত্ত তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ টান দেয়। এ সময় ব্যাগ নিতে না পেরে দুর্বৃত্তরা দিলীপকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছ থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতের স্ত্রী সরস্বতী দাস বলেন, বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন তিনি। আমি সাথেই ছিলাম। এ সময় পেছন থেকে একজন তার স্বর্ণের ব্যাগ টান দেয়। তারা তিন জন ছিল, প্রত্যেকেই অল্প বয়সী। প্রথম চেষ্টায় ব্যাগ নিতে না পেরে তারা দিলীপকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় আমি ডাক-চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দুটি ককটেল ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ব্যাগে ২০ থেকে ২৫ ভরির মতো স্বর্ণ ছিল। কিছু নগদ টাকাও ছিল। তবে, পরিমাণ জানাতে পারেননি তিনি।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল জানান, স্বর্ণ ব্যবসায়ীর বুকে বড় ক্ষত ছিল। গালের ডান পাশে এবং পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করি, স্যালাইন ও ঔষুধ চলছিল, পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। আমরা ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যু বরণ করেছেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে আমাদের কার্যক্রম চলছে।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ