সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর ডাকাতদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার পারদাউকা এলাকার মৃত আজিজ মোল্লার ছেলে খায়ের হোসেন (৩৫), বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে কবির হোসেন (৪৫), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরসিলেবাস এলাকার ছলেমান আলীর ছেলে ইমরান আলী (৪২), নাটোর জেলার সিংড়া থানার গোডাউন পড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুমন মিয়া (৫৫) এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রাজবাড়ী গুচ্ছগ্রাম এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০)। তারা সাভার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। অভিযানকালে ডাকাত সদস্য রিপন, তালিম, রহমত উল্লাহসহ আরো ৩/৪ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায় বলে জানা যায়।
পুলিশ জানায়, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়াহাট এলাকায় কবরস্থানের পাশে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ২টি টর্চলাইট, ১টি রামদা, ১টি দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, ১টি কাঠের লাঠি এবং একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও তিন ডাকাত পালিয়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।