সাভারের আশুলিয়ায় দুটি গার্মেন্টস কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম রোকেয়া বেগম। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি পোশাক কারখানার সামনে।
নিহত রোকেয়া বেগম ছিলেন আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী সেলাই মেশিন অপারেটর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজে না গিয়ে কারখানার বাইরে চলে আসেন। এসময় তারা রেডিয়্যান্ট গার্মেন্টসের শ্রমিকদের বিরুদ্ধে কাজ বন্ধের দাবিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে, ইটপাটকেলের আঘাতে রোকেয়া বেগম নিহত হন। এই সংঘর্ষে আরও অন্তত ২০ শ্রমিক আহত হন, যাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।