মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দেখা করার কথা বলে ডেকে নিয়ে আটকে রেখে মোটা অংকের মুক্তিপণ আদায় চক্রের দুই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় অপহৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেছেন ভুক্তভোগী অপহৃত শিক্ষার্থীর বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরু।
এর আগে বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।
অপহৃতের নাম রাশিদুস সাবরু নিলয়। তেজগাঁও কলেজের ইতিহাস বিভাগের (অনার্স) ফাইনাল ইয়ারের ছাত্র ও সাভারের জামসিং এলাকার খন্দকার আশরাফুল নেওয়াজ হিরুর ছেলে।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার মেয়ে আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রাজধানীর নবাবগঞ্জ থানার আলীরচর গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে ও আতিয়া ইসলামের স্বামী রবিন মাহমুদ (২৩), বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে ও আতিয়া ইসলামের ভাই আসিফ মাহমুদ (২০), বরিশাল জেলার উজিরপুর থানার দহরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার মেয়ে শারমিন আক্তার (২৬) ও লক্ষীপুর জেলা সদরের পূর্ব চরমটুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাকির হোসেন (২৪)। তারা সবাই ঢাকার দক্ষিনখানের ফায়েদাবাদ ছাপড়া মসজিদ সংলগ্ন মীর জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাভার থেকে উত্তরার উদ্দেশ্যে বের হয়ে যায় নিলয়। এদিন রাত ৮ টা ৫২ মিনিটে ছেলের মোবাইল নম্বর থেকে কল আসে বাবা খন্দকার আশরাফুল নেওয়াজের ফোনে। ওপার থেকে নিলয় বলে “বাবা আমাকে বাঁচাও” ৫ লাখ টাকা দিলে ওরা আমাকে ছেড়ে দেবে। ওরা আমাকে মারছে। আমাকে বাঁচাও।” এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় ছেলের রক্তাক্ত ছবি। পরে থানায় অভিযোগ দায়ের করে র্যাবকে জানালে অভিযান শুরু করে র্যাব। পরে র্যাব উত্তরার দক্ষিণ খান থেকে অপহৃত নিলয়কে উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত ৫জনকে গ্রেপ্তার করে।
এব্যাপারে নিলয়ের বাবা খন্দকার আশরাফুল নেওয়াজ হিরু বলেন, আমার ছেলেটাকে হাতুরি দিয়ে মাথায় পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা দিনভর ছেলেটার ওপর নির্যাতন করেছে। এরা অত্যন্ত নির্দয় মনের মানুষ। আমি এদের (গ্রেপ্তারদের) বিচার চাই।
এ বিষয়ে সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ৫ জন অপহরণকারী গ্রেপ্তার করা হয়। এ সময় আহত নিলয়কে উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিলয়ের পরিবার অপহরণের মামলা দায়ের করেছে। সেই মামলায় শুক্রবার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।