কুমিল্লায় অস্ত্রগুলিসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নগরীর দক্ষিণচর্থা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ৩টি তাজা কার্তুজ, একটি স্টিলের চাপাতি, একটি ১ ফুট লম্বা চাইনিজ কুড়াল ও দুইটি স্টিলের সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি রাজেশ বড়ুয়া।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণচর্থা এলাকার মো. সোহেল ওরফে ক্যাম্বেল (৩০), মো. রুবেল (৩২), কাউছার (১৯), জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মো. ইমরান হোসেন (২৩) ও সুবর্ণপুর গ্রামের তারিকুল ইসলাম ভুঁইয়া (২৫)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজেস বড়ুয়া বলেন, বুধবার রাতে অস্ত্র গুলি নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সক্রিয় ডাকাত ও ছিনতাই দলের সদস্য। তারা অটোরিকশা ও সিএনজি করে নগরীর মধ্যে ঘুরতে থাকে এবং সুযোগ বুঝে যেকোনো জায়গায় মানুষের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, ব্যাংক ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতারের পর অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।