সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের দুই মেয়ে ও তাদের মা। আগুনে দগ্ধ তিনজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার আলী আহমেদের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, গার্মেন্টস শ্রমিক শিমা আক্তার (২০), তার ছোটবোন স্কুল শিক্ষার্থী সুমা আক্তার (১২) ও তার মা গার্মেন্টস শ্রমিক ইয়াসমিন আক্তার (৪০)। তারা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী বাড়ির ম্যানেজার আবু ইউসুফ জানান, বাসার একটি কক্ষে ভাড়া থাকতেন ইয়াসমিন ও তার দুই মেয়ে। ইয়াসমিন ও তার বড় মেয়ে শিমা স্থানীয় আলাদা দুটি পোশাক কারখানায় চাকরি করেন। আর ছোট মেয়ে সুমা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজ ভোরে গার্মেন্টসে যাওয়ার জন্য ইয়াসমিন রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়ে আগুন জ্বলে ওঠে। এসময় ইয়াসমিন ও তার দুই মেয়ে দগ্ধ হলে তাদের ঢাকা মেডিক্যালে পাঠাই আমরা। মূলত সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকেই চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু কিছু জানেন না বলে জানান। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিরত সদস্যরাও এসব বিষয়ে অবগত নন বল জানান।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, দগ্ধ একই পরিবারের তিনজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের শরীরের ৫০ শতাংশ বার্ন হয়েছে। সবই মেজর বার্ন।