ছাত্রের হাতে শিক্ষকের মৃত্যু :
সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্ট্যাম্পের আঘাতে শিক্ষক উৎপল নিহতের ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে সাভারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০ থেকে পৌনে ১২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার এর আওতাধীন অন্তত ২১টি শিক্ষক সংগঠনের সহস্রাধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীর হাতে শিক্ষক হত্যার মত এমন নেক্কারজনক ঘটনার সাক্ষীও আমাদের হতে হচ্ছে, এটি কোনভাবেই কাম্য নয়, আমাদের শিক্ষকরা আজ নিরাপদ বোধ করছেন না।
তিনি বলেন, আমরা সরকারকে ধন্যবাদ জানাই দেরিতে হলেও ঘটনার মূল আসামী জিতু’কে গ্রেফতার করার জন্য, একইসাথে দাবি জানাই দ্রুত এই মামলার বিচার কার্য শেষ করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের, পাশাপাশি নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়াসহ অতি দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটনেরও দাবি জানাই আমরা”।
মানববন্ধনে অংশ নিয়ে হাজী ইউনুস আলী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের একটি অন্যতম দাবি হচ্ছে দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন করে অভিযুক্ত শিক্ষার্থী জিতু’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে আর কখনো কোন শিক্ষকের উপর এমন নেক্কারজনক হামলা করার সাহস কেউ দেখাতে না পারে, একইসাথে আর কেউ এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি রয়েছে আমাদের।
এসময় এঘটনার পর প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান এই শিক্ষক।
এর আগে গতকাল বুধবার পৃথক এলাকা থেকে এই মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু (১৯) ও তার বাবা উজ্জ্বল হাজীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা।