ঢাকার আশুলিয়ায় বন্ধুদের সাথে বিলে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নাহিদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধোলাই বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে তিনি নিখোঁজ হন।
নিহত নাহিদ (১৯) শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকার সাজাহান মিয়ার ছেলে। তিনি পরিবারের সাথে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান রোড সংলগ্ন আমিন মডেল টাউন এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে নাহিদ তার কয়েকজন বন্ধুর সাথে আশুলিয়ার ডগরতলী এলাকার ধোলাই বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পানির স্রোতে নাহিদ বিলের গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই)
মেরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।