ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার ধামরাই উপজেলার ছয়বাড়িয়া এলাকার মৃত জালাল হোসেনের ছেলে মোঃ জিম (২০), আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মৃত শামছুল হকের ছেলে সাকিব হোসেন (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর কোনাঘাটা এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬)। এদের মধ্যে জিম ও মেহেদী হাসান বর্তমানে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ মুত্তালিব তার সংগীয় অফিসার ও ফোর্সসহ শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী জিম, সাকিব ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০ গ্রাম ওজনের ১০০ পুড়িয়া হেরোইন, ৯ হাজার টাকা মূল্যের ৩ গ্রাম ওজনের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ জিমের বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা ও সাকিব হোসেনের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।