আশুলিয়ায় নির্বাচনী ব্যানার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আগের সংবাদ

সাভারে চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তনকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়া এক্সপ্রেসের সংবাদের জেরে বিমান এমডি ও তার স্ত্রীসহ গ্রেপ্তার ৪, পাঠানো হলো কারাগারে

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১১:৫৮ অপরাহ্ণ, ০২/০২/২৬

আশুলিয়া থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতে উত্তরায় গিয়ে ১১ বছরের শিশু মোহনাকে অমানবিক নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘আশুলিয়া এক্সপ্রেস’- এর একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর পুলিশের ত্বরিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রাজু আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন- ওই বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। এদের মধ্যে আসামি রুপালী খাতুনের দুই শিশুসন্তানের (বয়স ২ বছর ও ৬ মাস) কোনো অভিভাবক না থাকায় তাদেরও মায়ের সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সকালে নির্যাতিত শিশু মোহনার ওপর নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে আশুলিয়া এক্সপ্রেসের একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামানকে অবগত করেন আশুলিয়া এক্সপ্রেসের প্রতিনিধি মাসুদুর রহমান রুবেল।

এসআই ফরিদুজ্জামান বিষয়টি তাৎক্ষণিকভাবে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহম্মেদের নির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক রোবেল মিয়ার নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি রোডের বাসায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এদিকে নির্যাতনের শিকার ভুক্তভোগী মোহনার বাবা একজন হোটেল কর্মচারী। গত বছরের জুন মাসে তিনি তার মেয়েকে ওই বাসায় কাজে দিয়েছিলেন। গত ২ নভেম্বরের পর থেকে পরিবারকে শিশুটির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। গত ৩১ জানুয়ারি মেয়েকে ফেরত পাওয়ার পর তার সারা শরীরে গরম খুন্তির ছেঁকা ও জখমের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতিত শিশু মোহনার চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ