বিদ্যুৎ খাতের আধুনিকায়নে প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য: ফয়েজ আহমদ

আগের সংবাদ

হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’

পরের সংবাদ

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:০২ অপরাহ্ণ, ১৫/১২/২৫

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্বাধীনতার প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বছরের এই দিনে শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি, আর কৃতজ্ঞ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে একাত্তরের শহীদ বীর সন্তানদের।

ভোরের আলো ফোটার আগেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করবে। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের দ্বার।

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে নতুন রূপে সাজানো হয়েছে। স্মৃতিসৌধের মূল মিনার, শহীদ বেদি, পায়ে চলার পথ ও আশপাশের এলাকা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। রং-তুলির ছোঁয়ায় সতেজ করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও ফুলের টব। কয়েকদিন ধরেই পরিচ্ছন্নতাকর্মীরা সার্বক্ষণিকভাবে কাজ করে প্রস্তুত করেছে, যেন শ্রদ্ধা নিবেদনে কোনো বিঘ্ন না ঘটে।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান (আনু) জানান, বিজয় দিবস উপলক্ষে সৌধ এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে শ্রদ্ধা জানাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে নিরাপত্তা চৌকি। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

একাত্তরের রক্তঝরা ইতিহাস আর বীর শহীদদের আত্মত্যাগের স্মরণে, বিজয়ের দিনে আবারও শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।