আগুনে পুড়ল ঝুট গুদামসহ ১৩টি দোকান

আগের সংবাদ

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

পরের সংবাদ

সাভারে ট্যাপেন্টাডলসহ ৭ মামলার আসামী গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৬:১৮ অপরাহ্ণ, ১০/১২/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। মাদকাসক্তরা মূলত নেশাদ্রব্য ইয়াবার বিকল্প হিসেবে এই ট্যাপেন্টাডল ওষুধ সেবন করে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে আজ ভোর রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন (৪৬) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার দামোদারপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এসআই আব্দুস সালাম ও তার সঙ্গীয় ফোস নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ আরও জানান, গ্রেপ্তার আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা সহ অন্তত ৭টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।