ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে আজ সকালে ও শনিবার দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বৌ-বাজার এলাকার মোঃ বাবুল শেখের ছেলে মোঃ দুলাল শেখ (৩৫), ফরিদপুর জেলার ভাংগা থানার সোয়াদী এলাকার নুরু মিয়ার ছেলে মোঃ নাসির (২৬), বাগেরহাট জেলার কচুয়া থানার মসনি এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (৩০) ও আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত হযরত আলীর ছেলে মোঃ সরাফত আলী (৫০)। বর্তমানে তারা আশুলিয়ার গাজীরচটসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, রবিবার সকাল সোয়া ৬টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল শান্তিনগর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে দুলাল শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে।
এরপরে সকাল পৌণে ৮টার দিকে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে সরাফত আলী ও মনির হোসেন নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে নাসির নামের আরও এক মাদক কারবারিকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।