রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার নারগিস আক্তার হত্যা মামলার পলাতক আসামী মোঃ শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ডিএমপির দারুস সালাম থানাধীন মিরপুর বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ শাকিরুল ইসলাম (২৬) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সুকানপুকুর ছাতিনালী এলাকার ওবাইদুল মন্ডলের ছেলে। বর্তমানে ডিএমপির দারুস সালাম থানাধীন মিরপুর বড়বাজার এলাকায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারী আশুলিয়া থানাধীন চারাবাগ কুমকুমারি এলাকায় একটি অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এই হত্যা মামলার রহস্য উদঘাটনের ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ছায়া-তদন্ত শুরু করে।
গত ৯ নভেম্বর তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হত্যাকান্ডের মূলহোতার অবস্থান সনাক্ত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম ডিএমপির খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাসাবো পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে মূলহোতা মোঃ বিদ্যুৎ মন্ডল (৩৭) কে গ্রেপ্তার করে এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে। গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের ঘটনার সাথে তার বোন জামাই শাকিলুর জড়িত বলে জানায়। তারা যোগসাজসে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।
এরপর থেকে মামলার পলাতক আসামী মোঃ শাকিরুল ইসলামকে গ্রেপ্তারে ছায়া-তদন্ত শুরু করে ডিবি পুলিশ। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির দারুস সালাম থানাধীন মিরপুর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি অটো রিক্সার গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।