জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন দশতলা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণকাজ চলছিল। এ সময় ভবনের আটতলা থেকে ময়লা বহন করার সময় দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান রাকিব। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেলে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। নিহত শ্রমিকের পরিবারকে দাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট একই প্রকল্পের নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে আরিফুল ইসলাম নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। একইভাবে কাজের সময় ভারসাম্য হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান।