অবশেষে সামনে সেই মাহেন্দ্রক্ষণ। ৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। শিরোপা লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দল এগিয়ে?
সাম্প্রতিক পরিসংখ্যান নিঃসন্দেহে ভারতের পক্ষে। এবারের আসরে দুইবারের দেখায় দুইবারই পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। ফাইনালে তাই তারাই ফেবারিট।
শুধু সাম্প্রতিক ফর্মের বিচারেই নয়। টি-টোয়েন্টিতে ভারত সবসময়ই পাকিস্তানের বিপক্ষে এগিয়ে। পরিসংখ্যান তাই বলছে।
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্যাচ, ভারতের জয় ১১টিতে। একটি ম্যাচ হয়েছে টাই।
সবশেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে চারটিতেই, পাকিস্তানের জয় একটি। তবে শুধু সবশেষ চার ম্যাচের হিসেব ধরলে পাকিস্তান একটিও জিততে পারেনি ভারতের বিপক্ষে।
তবে একটি পরিসংখ্যান পাকিস্তানকে আশা জাগাতে পারে। ভারতের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে, এই ফাইনালের ভেন্যু দুবাইয়েই।