জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝুলালেও তার অপরাধ কমবে না ।
বুধবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী সাবলেনের ওপর জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসররা সারা বাংলাদেশে আমাদের ভাইদের ওপর নিপিড়ন চালিয়েছিল, সেই শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে। কোনো দিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে। কোনো দিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগকে।
নাহিদ ইসলাম বলেন, এই সাভার-আশুলিয়ায় ও আশুলিয়ার বাইপাইল পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার আশুলিয়া গণঅভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে। অন্য দিকে নারায়নগঞ্জ, যাত্রাবাড়ী, এদিকে সাভার আশুলিয়া ওদিকে গাজীপুর টঙ্গী, আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল।
তিনি বলেন, ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এ উপজেলাগুলো বৈষম্য এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা মনে করি এই পাঁচটি উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও। কিন্তু নানা কারণে শ্রমিকরা আন্দোলন গড়ে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্যমুজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরাই আমাদের গণ-অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিলো। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিলো। আমরা সেই শ্রমিকের নায্যমুজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের পথে প্রান্তরে ৩০ দিন জুলাই পদযাত্রা করেছি। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি, এই জনস্রোত থামানো যাইনি, পদযাত্রা থামানো যাইনি। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে এই জনস্রোত থামানো যাবে না।
এ সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ঢাকা জেলার নেতা মেহরাব সিফাতের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মূখ্য সংগঠক নাছির উদ্দিন পাটোয়ারি, ডা. তাসনীম জারাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এসময় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।