সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি ধারালো চাকু, দুইটি এসএস পাইপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সাভার মডেল থানা থেকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর সিআরপি পল্লি বিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের মৃত জাহিদুলের ছেলে ইয়াকুব (৩২), সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মোঃ নিজামের ছেলে মোঃ রাকিব সরদার (১৯), মানিকগজ্ঞ জেলার হরিরামপুর থানার নীল গ্রামের আলী আক্কাসের ছেলে আঃ করিম ওরফে বিচ্চু (৩২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহাদাত হোসেন নামে এক ব্যাক্তি তার চাচাতো ভাইকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য সাভারের সিআরপি পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখানে ৯/১০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে হাতে থাকা সুইচ গিয়ার চাকু, এসএস পাইপ নিয়ে ডাকাতি উদ্দেশে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে বিষয়টি থানা পুুলিকে জানান। পরে ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা টহলরত সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে এবং অজ্ঞাতনামা ৬/৭ জন পালিয়ে যায়।
ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর কবির জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পরে আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।