সাভারে ঈদের রাতে বিএনপি নেতার উপর হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ২

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

পরের সংবাদ

ঈদের আনন্দ শেষে বৃষ্টিভেজা ফেরার পথ: আশুলিয়ায় শহরমুখী মানুষের দুর্ভোগ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:৪৮ অপরাহ্ণ, ০৫/০৪/২৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরার এই যাত্রায় আশুলিয়ার পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে ভিজেই পরিবহনে উঠানামা করতে বাধ্য হয়েছেন শহরমুখী যাত্রীরা।

ঢাকার চন্দ্রা-নবীনগর ও ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাঁরা রাজধানীতে প্রবেশের চেষ্টা করেছেন, তাঁরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় ভারী বর্ষণ। ফলে তীব্র যানজটে পড়ে যায় পুরো সড়ক, মহাসড়কে জলাবদ্ধতার কারণে ধীরগতিতে চলাচল করতে দেখা যায় যানবাহনগুলোকে।

বিশেষ করে আশুলিয়া থেকে ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবহনে উঠতে গিয়ে একদিকে ভিজে যাচ্ছেন, অন্যদিকে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে হচ্ছে। বাস, মিনিবাস ও অটোরিকশা পাওয়া যাচ্ছিল না ঠিকমতো।

বগুড়া থেকে আসা একটি পোশাক কারখানার শ্রমিক মরজিনা বেগম জানান, আমি আব্দুল্লাহপুরের একটি পোশাককারখানায় কাজ করি ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় দুপুর ২টার সময় রওনা হয়েছি। বগুড়া থেকে ঢাকা আসতে প্রথম দিকে তেমন সমস্যা হয়নি, কিন্তু বাইপাইল এলাকায় ঢোকার পর থেকেই ভোগান্তি শুরু। বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি থেকে নামলাম, প্রায় ২ ঘণ্টা ধরে বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছি। ছাতা সঙ্গে নেই, এক পাশে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি। না পারছি গাড়িতে উঠতে, না পারছি কোথাও আশ্রয় নিতে। এই কষ্টের কথা কাউকে বোঝানো যাবে না। ঈদের পর কাজে ফিরতে হবে বলেই বাধ্য হয়ে বের হয়েছি।

একই রকম অভিজ্ঞতার কথা জানালেন কুড়িগ্রাম থেকে আসা আতাউর রহমান। ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করি। ঈদের ছুটি শেষ হয়ে গেছে তাই কাজের জন্য চলে এসেছি। সকালেই বাসে উঠেছি, কিন্তু বাইপেল আসতেই ঝড়-বৃষ্টিতে সব গড়বড় হয়ে গেল। রাস্তায় পানি জমে গেছে, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। শরীর ভিজে একেবারে কাপড়চোপড় পর্যন্ত ভিজে গেছে। বৃষ্টি থামার অপেক্ষায় আছি।

বৃষ্টি থামার অপেক্ষায় বহু যাত্রী বিভিন্ন দোকানপাট এবং রাস্তার পাশে শেডের নিচে দাঁড়িয়ে আছেন। অনেকেই অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামবে, যাতে তারা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন। সড়কের এক পাশে বা রাস্তার ধারে ছোট দোকানগুলোর সামনে ভিড় জমে গেছে।

বৃষ্টির কারণে অনেক মানুষদের বিভিন্ন দোকানপাট ও রাস্তার পাশে শেডের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। ফলে ঈদের পর প্রথম কর্মদিবসে রাজধানীতে ফেরা যাত্রা হয়ে উঠেছে এক দুর্বিষহ অভিজ্ঞতা।