চলমান শ্রমিক অসন্তোষের মুখে আজও আশুলিয়ার ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে শিল্পপুলিশ, সেনা, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার(০৯ সেপ্টেম্বর) দুপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুঁজ নিয়ে জানা যায়, আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন নামে বড় দুইটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে ওই এলাকার নিউ এইজ, নাসা, আল মুসলিম, জেনারেশন নেক্সটসহ ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকরা বলেন, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ না মেনে নিয়েও আবার তালবাহানা করছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন।
শিল্প পুলিশ জানায়, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর আজ শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত ৯০টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।