সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকার মিলটন হোসেনের মালিকানাধীন গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আমাদের নিকট অগ্নিকান্ডের খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুইটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দেড় ঘন্টার মত সময় লাগে।
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল। যার ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানাবো যাবে।