সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করতে পারেনি বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার রাত ৯টার দিকে আশুলিয়ার বাসাইদ বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।
আটককৃত রাজু আহমেদ (৪২) আশুলিয়ার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামরে ছেলে। অভিযুক্ত রাজু আহমেদ স্বঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পদধারী নেতা।
ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার বাসিন্দা আসাদ (অপহৃত) ও ফরিদপুরের বাসিন্দা তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাতে জমি সংক্রান্ত ঘটনার জেরে আসাদ নামে এক যুবককে তুলে নিয়ে মারধর করে এই রাজু বাহিনী। এ সময় তার সাথে থাকা লোকজনকেও মারধর করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস গাড়ীটি ভাংচুর করা হয়। পরে তারা থানায় বিষয়টি জানালে পুলিশ অভিযানে নেমে রাজুকে আটক করে। সেই সাথে ভুক্তভোগী অপহৃত আসাদকে উদ্ধার কাজ চলছে।
হামলার শিকার ভুক্তভোগী তুষার বলেন, রাজু আহমেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। গতকাল আমি আসাদ ভাইয়ের সাথে পূর্বে একটি আর্থিক লেনদেনর ব্যাপারে দেখা করতে গেলে রাজু আহমেদ ও তার লোকজন আমাদের ওপর অর্তকৃত হামলা চালায়। পরে তারা আমাদের ব্যবহৃত গাড়ীটি ভাংচুর করে এবং আমাদের সাথে থাকা আসাদ ভাইকে তুলে নিয়ে যায়। তার কোনো খোঁজ এখনও পাইনি। পুলিশও তাকে উদ্ধারের চেষ্টা করছে।
এ বিষয়ে আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগে রাজু আহমেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে। সেই সাথে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।