সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ এক ছাত্রলীগ নেতার ছোট ভাই মেহেদী হাসান সাকিল (২৯) কে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার মোটরসাইকেলের হেলমেটের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে প্রীজন ভ্যানের মাধ্যমে অন্যান্য আসামীদের সাথে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে সোমবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়ার নরসিংহপুর আলী হোসেনে সুপার মার্কেটের ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান সাকিল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাতবরের ছোট ভাই। সে আশুলিয়ার ঘোষবাগ এলাকার আলী হোসেনের ছেলে।
মামলার এজহার সূত্রে জানা যায়, দোকানের আড়ালে কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল সাকিল। সে বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে ওই এলাকারসহ আশে পাশের এলাকা গুলোতে খুচরা মাদক বিক্রি করত।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আর কে কে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।