জাতীয় স্মৃতিসৌধে ১৪ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

আগের সংবাদ

লটারিতে ১৬ হাজার কোটি টাকা জিতে রতন টাটাকে টপকে গেলেন যুবক!

পরের সংবাদ

আশুলিয়ায় বংশী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:১৫ অপরাহ্ণ, ১২/০৩/২৩

সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অভিযানে দোকানপাটসহ ৯১টি আধাপাকা অবৈধ স্থাপনা এক্সিভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

রোববার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী ও সুবির কুমার দাশের নেতৃত্বে এ সময় আরও ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশের পর বংশী নদী তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করতে স্থাপনাগুলোর মালিকদের আগে নোটিশ দিয়েছিলাম৷ তারা নিজ দায়িত্বে কিছু স্থাপনা সরিয়ে নিয়েছে। নোটিশ অমান্য করে যেসকল স্থাপনা রয়েছিলো তা আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সবার সহযোগিতায় উচ্ছেদ করা হয়েছে। আমরা ধারণা করছি এর মাধ্যমে প্রায় ৫০ শতাংশ নদীর জমি উদ্ধার হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কোনো জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই। তাই নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। আজ যেভাবে দখল মুক্ত করেছি আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবির কুমার দাশ বলেন, দীর্ঘ দিন থেকে বংশী নদীর তীরে ৫০ শতাংশ জমিতে অবৈধ স্থাপনা করে প্রায় ৯১টি দোকান পরিচালনা করে আসছিল একটি মহল। ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ দিনব্যাপী অভিযানে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।