সাভারের আশুলিয়ায় একটি তুলা থেকে সুতা তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় আবুল কালাম আজাদ এর মালিকানাধীন লোটাস কামাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর তুলা থেকে সুতা তৈরি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ফায়ার ফাইটার আব্বাস আলী বলেন, সকাল সাড়ে ৮ দিকে আমাদের নিকট আগুন লাগার বিষয়ে একটি ফোন আসে। পরে আমাদের ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে কাজ শুরু করে। বর্তমানে সেখানে তিনটি ইউনিট আছে। এখন পর্যন্ত হতাহতের কোনো ম্যাসেজ আমি পাইনি।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আরও একটু সময় লাগবে। এখনও কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।