সাভারে মহাসড়ক থেকে ছিনতাই হওয়া পিকাপভ্যানের ক্রেতা সেজে কেরানিগঞ্জ থেকে পিকাপভ্যান উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
বুধবার (১০ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব ।
এরআগে, মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেরানিগঞ্জ থানার জিনজিরা এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- সোহেল(২৮) মো: রিফাত হোসেন (১৫) এবং মো: রাসেল (২৮)। তারা দীর্ঘ দিন থেকে মহাসড়কে ছিনতাইয়ের সাথে জড়িত।
ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব জানান, গত ৬ আগস্ট ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর ব্রীজ এলাকা থেকে ‘টাটা’ ব্র্যান্ডের একটি পিকাপভ্যান ছিনতাই করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী মোতালেব পাটোয়ারী সাভার থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে বিশেষ অভিযানে ছিনতাইকারীদের কাছে ক্রেতা সেজে গতকাল সন্ধ্যায় কেরানিগঞ্জের জিনজিরা থেকে পিকাপভ্যানটি উদ্ধার ও তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মামলাটির আমরা তদন্তে গিয়ে গোপন সূত্রে জানতে পারার পর তাদের কাছে ছিনতাইকৃত সেই পিকাপভ্যান ক্রয় করা জন্য ক্রেতা সেজে এএসআই সুমনসহ আমাদের ফোর্স নিয়ে সেখানে যাই। পরে পিকাপভ্যানটি উদ্ধারসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। সেই আসামীদেরসহ পিকআপভ্যানটি মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই হারুন এর কাছে হস্তান্তর করা হয়েছে।