সাভারের আশুলিয়ায় মোহাম্মদ আলী নামের এক ইউনিয়ন সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল মোতালেব বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় ইয়ারপুর ইউনিয়নের ওই ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ রয়েছে।
জানা গেছে, আশুলিয়ার জিরাবো মৌজার এক খন্ড জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিল আব্দুল মোতালেব। হঠাৎ করে ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী স্থানীয় ভূমি দস্যুদের সহায়তায় ওই জমি জবর দখলে পায়তারা চালান। পরে তা ব্যর্থ হয়ে পায়ে চলার পথের কথা বলেই পাচ শতাংশ জমির দখল করেন। তাতে বাধা দিতে গেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গপাঙ্গরা মোতালেবকে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে আসছে। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধারে সন্ত্রাসী লোকজনকে নিয়ে মহরা দিয়ে আসছে।
এ ঘটনায় অসহায় মোতালেব আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে নানা প্রতিষ্ঠানের চাঁদাবাজি, জমি দখল, চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসিক মাসোহারা নেয়ারও অভিযোগ আছে ওই মেম্বারের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ জিয়াউল জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।