আশুলিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন আপন (৪০) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। সে আশুলিয়া থানা যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, গত সোমবার রাতে লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও তার বন্ধু জাহিদুল ইসলাম (১৫) রাগ করে বাড়ি থেকে আশুলিয়ায় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। আশুলিয়ায় এসে বাসা খুঁজে না পেয়ে রাতে তারা শ্রীপুর বাস ট্যান্ড এলাকায় অপেক্ষা করতে থাকে। সেখান থেকে স্থানীয় একটি চক্র তাদেরকে অপহরণ করে পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদ্রাসাছাত্র সবুজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন মঙ্গলবার দুপুরে একটি ভ্যানে করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় অপহরণকারীরা।কিন্তু রাস্তায় সবুজ মারা গেলে ওই ভ্যানচালক গাড়িসহ তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই হত্যা মামলার সূত্র ধরে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মুক্তিপণের দাবিতে সবুজ নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় আবুল হোসেন আপনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে।