সাভারে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। এ জন্য আক্রান্ত চিকিৎসকসহ ৩৫ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে অথবা আইসোলেশনে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
সোমবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা চিকিৎসক করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা সন্দেহে তিন ডাক্তারসহ মোট দশ জনের নমুনা পাঠানো হয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। পরে সোমবার রাতে দশ জনের মধ্যে নয় জনের করোনা নেগেটিভ আসে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। পরে আক্রান্ত চিকিৎসককে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওই পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনিসহ অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগী ওই চিকিৎসকের সংস্পর্শে গেছেন। এ জন্য তিনিসহ ৩৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে অথবা আইসোলেশনে থাকবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তিনি ইতিমধ্যে আইসোলেশনে চলে গেছেন।