ঢাকার আশুলিয়ায় রাতের আঁধারে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী মো. মাসুদ মৃধা নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলো- আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মো. আলী আকবর (৫৫) ও মো. মনিরুল ইসলাম কালু (৫০), মো. আলী আকবরের ছেলে মো. আদনান (২৫), মনিরুল ইসলাম কালুর ছেলে মো. ছায়াদ (২০) এবং একই এলাকার মো. রাব্বানীর স্ত্রী মোসা. ববিতা (৪২)। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জন।
ভুক্তভোগীরা হলেন- আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে মো. মাসুদ মৃধা (৩৮) ও একই এলাকার মৃত মোহাম্মদ জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আব্দুল মমিন (৪৭)।
অভিযোগে উল্লেখ করা হয়, আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার পলাশবাড়ী মৌজার সিএস ৭৯, এসএ ৭৯, আরএস ৫৬ ও বিআরএস ১৫৩২ খতিয়ানের সিএস ও এসএ ২৪০, আরএস ৯০৫ ও বিআরএস ১১৯৩২ নম্বর দাগের ১০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন মাসুদ মৃধা ও আব্দুল মমিন। উক্ত জমির হালনাগাদ খাজনা-খারিজ সম্পন্ন করা আছে।
অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ উক্ত জমি অবৈধভাবে জবরদখল করার পায়তারা করে আসছে। সেই লক্ষ্যে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি করাসহ ভোগদখলে বাধা প্রদান করে আসছে। এছাড়াও বিভিন্ন সময় ভুক্তভোগীদের ওপর হামলা ও তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জন লাঠি, সোটা, লোহার রড, হাতুড়ি, হ্যামার, ছ্যান ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে উল্লেখিত জমিতে প্রবেশ করে জমির উঁচু বাউন্ডারি দেয়াল ও নবনির্মিত ঘর ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় এবং তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দ্বারা ভুক্তভোগীদেরকে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে ভুক্তভোগীদের হাত, পা, পিঠ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা রক্তাক্ত জখম হয়। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। এরপর অভিযুক্তরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে একটা নোটিশ দিয়ে আসছি আমরা, আদালতের যে আদেশ আছে তা মেনে চলার জন্য। গতকাল হামলার বিষয়ে উনারা অভিযোগ দিয়েছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।