ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬ রাউন্ড গুলি, ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিম্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনর্চাজ মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার জাহালিয়া উত্তর পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ দিলদার মিয়া (৩৫), মাদারীপুর জেলার রাজৈর থানার মাঝ নাগরদী এলাকার মোঃ হানিফ তালুকদারের ছেলে মোঃ সুমন তালুকদার (২৮) ও ধামরাইয়ের বাউটিয়া এলাকার মৃত গাজীউর রহমানের ছেলে জান্নাত হোসেন সোহাগ (২৯)।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ দিলদার মিয়া ও মোঃ সুমন তালুকদার নামের দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
অপরদিকে, একই দিন রাত পৌনে ১২টার দিকে অপর একটি পৃথক অভিযানে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে পেশাদার মাদক কারবারি জান্নাত হোসেন সোহাগকে গ্রেপ্তার করে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি এবং ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দিলদার মিয়ার বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।