ঢাকার আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়ছে। অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহের নেতিবাচক প্রভাব ফেলছে।
বক্তরা আরও বলেন, দেশের রপ্তানি খাতের প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যান্ত জরুরী। অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তজার্তিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্থ হবে।
মানববন্ধন থেকে অবিলম্বে শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ সাগর ইসলাম, গনতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বকুল আহম্মেদসহ আরও অনেকে।