স্বাস্থ্যসেবা উন্নয়নে পল্লী চিকিৎসকদের সাথে হ্যাপি জেনারেল হসপিটালের মতবিনিময়

আগের সংবাদ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি: নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:২২ অপরাহ্ণ, ২৫/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের একপর্যায়ে এক নারীকে জিম্মি করে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় বাপ্পি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামগড়া এলাকার চৌধুরী প্লাজার একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের কথা জানতে পেরে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

এরপর দুপুর ১২টার দিকে গ্রেপ্তার এড়াতে এক নারীকে জিম্মি করে বাপ্পি ওই ভবন থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে আমরাও পাল্টা গুলি চালাই। কিন্তু পালানোর সময় বাপ্পি এক নারীকে জিম্মি করে ফেলে। ওই সময় আমরা যদি গুলি করতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তবে ওই নারীর জীবন চরম ঝুঁকির মুখে পড়ত। শুধুমাত্র ওই নারীর নিরাপত্তার কথা ভেবেই পুলিশ তখন আর গুলি চালায়নি।

তিনি আরও জানান, বাপ্পি পালিয়ে গেলেও তার অন্য সহযোগীদের ধরতে বিকেল পর্যন্ত পুরো ভবনটি ঘিরে রেখে অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া শুটার বাপ্পি এলাকার একজন চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত ১১টি মামলা রয়েছে। এর আগেও জামগড়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ