আশুলিয়ায় রাতের আঁধারে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

আগের সংবাদ

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১০:০৫ অপরাহ্ণ, ১৫/০৭/২৬

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার এবং দলীয় পতাকা জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বলিয়ারপুর ও আমিনবাজারের মধ্যবর্তী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বিকেলে প্রায় ৩৫ থেকে ৫০ জন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ব্যানার, দলীয় পতাকা ও লাঠিসোঁটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। একপর্যায়ে তারা মিছিল শুরু করলে টহলরত পুলিশের নজরে আসে। পরে পুলিশ ধাওয়া দিলে কয়েকজন পাশের খাল ও পানিতে নেমে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের বহনকারী সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ওলিল মিয়া (৪২), চুয়াডাঙার দর্শনা উপজেলার মো. সাগর (৪০), ভোলা সদর উপজেলার মোহাম্মদ আলী (৩৭), পাবনার ফরিদপুর উপজেলার রাজু আহম্মেদ (৩২), লালমনিরহাট সদর উপজেলার রাজিব সরকার (৩১), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার প্রদীপ কুণ্ডু (৩৫), ঢাকার হাজারীবাগ এলাকার শহীদ হোসেন (৫৭), রতন রাজবংশী (১৫), ময়মনসিংহ সদর উপজেলার মোকসেদুর রহমান সোহাগ (১৮), বরিশালের মুলাদী উপজেলার হৃদয় হোসেন (২২), শরীয়তপুরের সখীপুর উপজেলার মো. জীবন (২০), ভোলা সদর উপজেলার মোকাম্মেল হোসেন পারভেজ (৩০) ও কুমিল্লার হোমনা উপজেলার সজিব মিয়া (২৪)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক। তারা মিছিলে কীভাবে সম্পৃক্ত হয়েছেন, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া বাকি আটক ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, মহাসড়কে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে পৃথক একটি অভিযানে সাভার মডেল থানাধীন এলাকা থেকে রেজাউল নামের আরও এক আওয়ামী লীগের নেতাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

এই বিভাগের সর্বশেষ