আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মামুন খাঁন বলেছেন, “সম্প্রতি একটি কুচক্রী মহল নিরীহ মানুষের ওপর মব সৃষ্টি করছে এবং বিএনপির ত্যাগী নেতাদের আওয়ামী ট্যাগ লাগিয়ে মামলা বাণিজ্যসহ চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।”
সোমবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মোঃ মামুন খাঁন বলেন, “জিয়ার আদর্শের সৈনিকরা কারও কাছে আপস করে না। তাই যারা এখনও মব সৃষ্টি করছেন, তারা অতি শীঘ্রই নিজেদের শুধরে নিন। আশুলিয়ায় এসব চলবে না। আশুলিয়ার কোথাও মব বা চাঁদাবাজির চেষ্টা করলে আপনাদের ছেড়ে দেওয়া হবে না। আগে থেকেই বলতে চাই ভালো হয়ে যান, অন্যথায় জনগণ আপনাদের ছাড়বে না।”
উল্লেখ্য, সম্প্রতি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। এরই প্রেক্ষিতে যুবদলের এই নেতা এলাকায় শৃঙ্খলা ফেরাতে এ ঘোষণা দিলেন।
মোঃ মামুন খাঁন আরও বলেন, “আমার নেতৃত্বাধীন এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো আস্তানা থাকবে না। তাই ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। এলাকায় যাতে কোনো প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ না চলে, সেদিকে কঠোর নজরদারি করা হবে।” এ ব্যাপারে তিনি স্থানীয় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছেন।
সাবেক এই ছাত্রদল নেতা আরও বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে আছে। এলাকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমরা কাজ করছি। মাদক ও সন্ত্রাস সমাজের জন্য অভিশাপ। আমি আমার এলাকাকে এই অভিশাপ থেকে মুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করব।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, যুবদল নেতার এই অঙ্গীকার বাস্তবায়িত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং স্বস্তি পাবে আশুলিয়াবাসী।