ঢাকার সাভারের পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (২০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাভারের বনগ্রাম ও রাতে সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার সাভার মডেল থানার আগবন গ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মারুফ হোসেন (১৮) ও খুলনা জেলার দাকোপ থানার শাহেবেরাবাদ এলাকার নিতাই মন্ডলের মেয়ে এবং সুশীল কুমার পারের স্ত্রী রিনা রানী পাল (৩৮)। বর্তমানে রিনা সাভার মডেল থানার সাবানা পুকুর পাড় (বাউলী পাড়) এলাকায় বসবাস করছিল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাভার থানাধীন আগ বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি আভিযানকি দল। এ সময় মারুফ হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত পৌণে ১১টা দিকে ডিবি পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে রিনা রানী পাল নামের এক নারী মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যমানের ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।