ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ও ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (০৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে ভোররাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও ভোরে পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রংপুরের কোতায়ালী থানাধীন কিসামদ হরকুল্লি এলাকার আব্দুল আহাদের ছেলে মোঃ রিয়াদ (২০), দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন কুন্দরামপুর এলাকার জলিল মিয়ার ছেলে শরিফ মিয়া (২৭), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দক্ষিণ কাজী নৌপাড়া এলাকার মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে লাবলু বিশ্বাস (৩৮) ও কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি এলাকার জাহিদ হোসেনের ছেলে ইদ্রিস আলী(৩৮)।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত পৌণে ২টার দিকে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ ও শরিফ মিয়া নামের দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা।
এরপরে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ডিবি পুলিশের পৃথক একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে লাবলু বিশ্বাস ও ইদ্রিস আলী নামের আরও দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক একটি আভিযানিক দল আশুলিয়ার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য আরিফুল ইসলাম (২৬) কে আটক করে। আটক আরিফুল ইসলাম আশুলিয়ার ইসলাম নগর এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে।