ঢাকার আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল ও রাত পৌণে ১২টার দিকে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরাগাছা এলাকার লিটন প্রামানিকের ছেলে নাঈম ইসলাম (২৩) ও আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আল আমিন ভূঁইয়া (২২)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ নাঈম ইসলাম (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করে। এরপরে রাত পৌণে ১২টার দিকে ডিবি পুলিশের অন্য একটি দল আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকা ইয়াবাসহ আল আমিন ভূঁইয়া (২২) নামের আরও এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক একটি দল সাভার থানাধীন যাদুরচর এলাকা থেকে ফরহাদ হোসেন (২৪) নামের আরও এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফরহাদ হোসেন (২৪) সাভারের আমিনবাজার এলাকার আহাদ আলীর ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।