স্বায়ত্তশাসিত আন্ডারওয়াটার ভেহিকলের (এইউভি) জন্য বিশেষ গোপনীয়তামুখী (স্টিলথ) হাইব্রিড প্রপালশন সিস্টেম উদ্ভাবন করে আন্তর্জাতিক মঞ্চে চমক দেখিয়েছেন বাংলাদেশের তিন মেধাবী শিক্ষার্থী। দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ব উদ্ভাবনী শিক্ষার্থী এক্সপো (IWISE)- এর গ্লোবাল ফাইনালে এই যুগান্তকারী গবেষণার জন্য তারা স্বর্ণপদক জয় করেছেন।
বিশ্বজয়ী এই তিন শিক্ষার্থী হলেন- এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ফাইক আবরার কামাল, সেন্ট যোসেফ স্কুলের মো. মাহিব আল মামুন এবং সেন্ট যোসেফ কলেজের ফারহিন রহমান পূর্ণো। তাদের পুরস্কারপ্রাপ্ত গবেষণা প্রকল্পটির শিরোনাম ছিল, এ স্টিলথ-অপ্টিমাইজড হাইব্রিড প্রপালশন সিস্টেম ফর অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকলস (AUVs)। আধুনিক সামরিক ও বাণিজ্যিক আন্ডারওয়াটার ড্রোন বা সাবমেরিন প্রযুক্তির উন্নয়নে তারা কয়েক মাস ধরে এই গবেষণা পরিচালনা করেন।
আয়োজক সূত্র জানায়, অত্যন্ত কঠোর তিনটি ধাপ পেরিয়ে এই দলটি চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। প্রথমে তারা তাদের গবেষণাপত্র জমা দেন। এরপর একটি ভার্চুয়াল মূল্যায়নে উত্তীর্ণ হয়ে তারা দুবাইয়ের গ্লোবাল ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীদের পেছনে ফেলে আন্তর্জাতিক গবেষক ও শিল্প বিশেষজ্ঞদের প্যানেলের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করে তারা সেরার মুকুট ছিনিয়ে নেন।
স্বর্ণপদক জয়ের পাশাপাশি এই তিন শিক্ষার্থী তাদের অসামান্য মেধার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করেছেন। তারা কেমব্রিজের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কলেজে সর্বোচ্চ মেরিট স্কলারশিপ লাভ করেছেন। এছাড়া, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারেসহ শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক স্কলারশিপ অর্জনের সুযোগ পেয়েছেন তারা।
আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবন খাতে বাংলাদেশি তরুণদের এই সাফল্য বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। প্রযুক্তি নির্ভর এই অনন্য অর্জনে দেশের শিক্ষাঙ্গনে ও সচেতন মহলে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।