সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলাসহ দেশের সর্বস্তরের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এ.কে. আজাদ বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব হোক আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে।
দুর্গোৎসবকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফরিদপুর সদর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও হা-মীম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ এবারের দুর্গোৎসবে তিনি উপস্থিত থেকে ফরিদপুর সদরের হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে। যা হবে মিলনমেলা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।